ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আ'গুন

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৬-১১-২২ ১৯:১৮:৪০
ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আ'গুন ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সেরেস্তা কক্ষে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নথিপত্রের ধরন ও পরিমাণ নিরূপণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

রোববার (২২ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় রাজনীতিবিদরা।

 

পুলিশ জানায়, এর আগে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা পুলিশ সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে কক্ষে থাকা গুরুত্বপূর্ণ বেশ কিছু দাপ্তরিক ও গোপনীয় নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

 

এদিকে, ঘটনার খবর পেয়ে রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কক্ষ এবং পুড়ে যাওয়া নথিপত্রের অবস্থা পর্যবেক্ষণ করেন।

 

হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মিজানুর রহমান খন্দকার বলেন, থানায় আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহিদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহে সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দল এ ঘটনার অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ