ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংযোগ সড়ক উধাও, ৩১ লাখ টাকার সেতুতে চলছে ধান শুকানোর মহোৎসব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২২ ১৭:৩৭:৫৬
সংযোগ সড়ক উধাও, ৩১ লাখ টাকার সেতুতে চলছে ধান শুকানোর মহোৎসব সংযোগ সড়ক উধাও, ৩১ লাখ টাকার সেতুতে চলছে ধান শুকানোর মহোৎসব

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামসংলগ্ন খালের ওপর প্রায় ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি গত সাত বছর ধরে যানবাহন চলাচলের বদলে ধান ও খড় শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে। সেতুটির একপাশে সংযোগ সড়ক না থাকায় স্থানীয়দের যাতায়াতের কোনো কাজেই আসছে না এটি।ফলে কয়েকটি গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছেন নিয়মিত। 

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৯ সালে খালের ওপর সেতুটি তৈরি করা হয়। কিন্তু নির্মাণের পর থেকেই একপ্রান্ত অসম্পূর্ণ পড়ে থাকায় সেতুটি অব্যবহৃত অবস্থায় রয়েছে।

 

সরেজমিনে দেখা যায়, সেতুটির একপাশে পাকা সড়ক থাকলেও অন্য পাশে রয়েছে সরু মাটির পথ। যান চলাচলের সুযোগ না থাকায় পথচারীদের হেঁটে সেতু পার হতে হচ্ছে। আর ফাঁকা পড়ে থাকা সেতুর ওপর ছড়িয়ে-ছিটিয়ে রাখা ধান ও খড় শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কয়েকজন নারী-পুরুষ।

 

আনিসমণ্ডল নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, মোটা অঙ্কের টাকা খরচ করে সেতু নির্মাণ করা হলেও সামান্য খরচে সংযোগ সড়ক তৈরি না করায় এটি মানুষের কোনো উপকারে আসছে না।

 

স্থানীয় গৃহিণী জরিনা খাতুন জানান, দীর্ঘদিন ধরে সেতুটি অযত্ন-অবহেলায় পড়ে আছে। যানবাহন চলাচল করতে না পারায় এলাকার মানুষ সেতুটিকে ধান মাড়াই ও খড় শুকানোর জায়গা হিসেবে ব্যবহার করছেন।

 

অটোরিকশাচালক মামুন মিয়া বলেন, একপাশে সড়ক থাকলেও অন্য পাশে সংযোগ সড়ক না থাকায় যাত্রীদের সেতুর ওপরেই নামিয়ে দিতে হয়। সেখান থেকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ বিষয়ে গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম গণমাধ্যমকে বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

 

 

 

 

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ