রাবিতে ভাসানীর নামে নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি
রাবিতে ভাসানীর নামে নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি
রাবি সংবাদদাতা :
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন একটি আবাসিক হল নির্মাণ ও নামকরণের দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে মাওলানা ভাসানী ফাউন্ডেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলামের কাছে এ স্মারকলিপি জমা দেন ফাউন্ডেশনের নেতারা।
স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের মুক্তিসংগ্রাম, মেহনতি মানুষের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এক অবিস্মরণীয় নাম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, ১৯৫৭ সালের কাগমারী সম্মেলন এবং মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন প্রগতিশীল ও গণআন্দোলনে তাঁর ঐতিহাসিক অবদান রয়েছে। কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন আপসহীন সংগ্রাম করেছেন। এতে আরও বলা হয়, ১৯৭৬ সালে ভারত কর্তৃক গঙ্গা নদীর উজানে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে চাঁপাইনবাবগঞ্জের কানসাট পর্যন্ত ঐতিহাসিক লংমার্চ করেন ভাসানী। এর মধ্য দিয়ে ফারাক্কা বাঁধের বিরোধিতার যৌক্তিক দাবি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি রাজশাহীকেও বিশেষভাবে পরিচিত করেন তিনি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের কারণে সাধারণ শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সংকট নিরসনে দ্রুত নতুন আবাসিক হল নির্মাণ প্রয়োজন। ভবিষ্যতে নির্মিতব্য কোনো একটি আবাসিক হলের নাম ‘মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হল’ রাখার দাবি জানান তাঁরা। এতে জাতীয় এই নেতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে তাঁর আদর্শ ও সংগ্রামের চেতনা ছড়িয়ে পড়বে বলে মনে করেন ফাউন্ডেশনের নেতারা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স