ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ দিনের রি'মান্ডে সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৭ ১৯:৩৪:২৬
৭ দিনের রি'মান্ডে সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান ও তাদের সঙ্গে যোগাযোগের বিষয়টি জানার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা প্রয়োজন।

 

এ ছাড়া মামলার অন্য পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, অজ্ঞাতপরিচয় আসামিদের পরিচয় উদ্‌ঘাটন এবং সাঈদ খোকনকে যারা আশ্রয় দিয়েছেন, তাদের বিষয়ে তথ্য পেতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

 

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হয় ১৪ বছর বয়সী আব্দুল মোতালিব।  এ ঘটনায় মোতালিবের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এ মামলার এজাহারে সাঈদ খোকনের নাম রয়েছে ২৯ নম্বরে।

 

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।









 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ