ই-ক্যাব নির্বাচন ঘিরে উত্তেজনা, প্রার্থীর মনোনয়নপত্র ছেঁড়ার অভিযোগ এমপির স্ত্রীর বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট প্রার্থী সাকিফ শামীমের মনোনয়নপত্র সংগ্রহে বাধা ও তা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে আরেক প্রেসিডেন্ট প্রার্থী জান্নাতুল হক শাপলার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন শাপলা।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) ধানমন্ডিতে ই-ক্যাবের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সাকিফ শামীম। তাঁর দাবি, মনোনয়নপত্র সংগ্রহ করতে যাওয়া তাঁর দুই প্রতিনিধিকে বাধা দেওয়া হয়। একপর্যায়ে তাঁদের কাছ থেকে মনোনয়নপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়।
সাকিফ শামীম বলেন, সেখানে উপস্থিত কয়েকজন তাঁর প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাঁর অভিযোগ, জান্নাতুল হক শাপলা মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার নির্দেশ দেন। এ সময় ফাইন্যান্স সেক্রেটারি পদপ্রার্থী আনোয়ার সাদাত তাঁর প্রতিনিধিদের ধাক্কা দেন এবং মনোনয়নপত্র ছিঁড়ে ফেলেন।
সাকিফের দাবি, পরে নানা দেনদরবারের মাধ্যমে তিনি আবার মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। তাঁর অভিযোগ, নির্বাচনকে একক প্রার্থীর মাধ্যমে সাজানোর উদ্দেশ্যে এ বাধা দেওয়া হয়েছিল।
অভিযোগ অস্বীকার শাপলার
অভিযোগের বিষয়ে জান্নাতুল হক শাপলা প্রথমে ঘটনাটি সম্পর্কে জানেন না বলে জানান। পরে তিনি অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন, অভিযোগকারীকে উপযুক্ত প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া এমন অভিযোগ করলে মানহানির মামলা করার কথাও জানান তিনি।
জান্নাতুল হক শাপলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক এবং নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের স্ত্রী।
এদিকে ই-ক্যাবের হেড অব সেক্রেটারিয়েট এস এম ইকরামুল হক বলেন, সাকিফ শামীম একাধিক মনোনয়নপত্র কিনেছেন। তবে মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার বিষয়ে তাঁর কাছে কোনো অভিযোগ করা হয়নি এবং তিনি এ বিষয়ে কিছু শোনেননি বলে জানান।