রাজধানীতে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আজিমপুরে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো: মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৪ নভেম্বর) রাতে লালবাগ থানাধীন আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা গত ১৩ নভেম্বর লালবাগ থানাধীন আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মিছিলের আয়োজন ও তাতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ১৪ নভেম্বর সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।