ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাস পর ডিজেলের দাম কমল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৫ ১৩:১৬:৪০
দুই মাস পর ডিজেলের দাম কমল দুই মাস পর ডিজেলের দাম কমল
নিজস্ব প্রতিবেদক

দুই মাসের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম গ্যালনপ্রতি ৬ ডলারের নিচে নেমেছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া, আন্তর্জাতিক উত্তেজনা প্রশমিত হওয়া এবং মৌসুমি চাহিদা হ্রাসের কারণে জ্বালানিটির দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রে ডিজেলের খুচরা বিক্রির জাতীয় গড় দাম কমে গ্যালনপ্রতি ৫ দশমিক ৯৯৮ ডলারে দাঁড়িয়েছে। জ্বালানির দাম পর্যবেক্ষণকারী

প্রতিষ্ঠান গ্যাসবাডির তথ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর ডিজেলের দাম সর্বোচ্চ ৬ দশমিক ৫১৯ ডলারে উঠেছিল। সে সময় ক্যালিফোর্নিয়ার কোনো কোনো এলাকায় দাম গ্যালনপ্রতি ১০ ডলারও ছাড়িয়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন এবং রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের ধারাবাহিক হামলার কারণে ডিজেলের দাম ব্যাপক বেড়েছিল। এতে পরিবহণ ও পণ্য সরবরাহের ব্যয় বৃদ্ধির পাশাপাশি কৃষি ও ব্যবসায়িক খাতেও চাপ তৈরি হয়। জ্বালানির বাড়তি খরচের প্রভাব পড়ে সাধারণ পরিবারের ওপরও, যা দেশটির মূল্যস্ফীতির চাপ বাড়িয়ে দেয়। জ্বালানির উচ্চমূল্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও বড় ইস্যু হয়ে ওঠে। চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে এ নিয়ে ভোটারদের অসন্তোষ তৈরি হয়। ওই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানদের পরাজিত করে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেয় ডেমোক্র্যাটরা। কেন কমছে ডিজেলের দাম? রয়টার্স জানায়, গত দুই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১৮ দশমিক ৫ শতাংশ কমেছে। পাশাপাশি শরৎকালে সাধারণত জ্বালানির চাহিদা কমে যায়। ভ্রমণ ও যানবাহনের ব্যবহার কমে আসায় ডিজেলের বাজারেও চাপ হ্রাস পেয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের তেল শোধনাগারগুলোতে হারিকেনের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি কমেছে।

নভেম্বর নাগাদ শোধনাগারগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজও শেষ হওয়ায় উৎপাদন আবার বাড়তে শুরু করেছে। এর আগে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসন রঙিন ডিজেলের ওপর সাময়িকভাবে কেন্দ্রীয় কর প্রত্যাহার, রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং কৃষকদের জন্য ৮০০ কোটি ডলারের সহায়তা কর্মসূচি ঘোষণা করেছিল। তবে এসব উদ্যোগে তেমন স্বস্তি আসেনি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ