ব্রাহ্মণপাড়ায় বি'ষা'ক্ত কেমিক্যালে পাকানো হচ্ছে কলা, চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ
ব্রাহ্মণপাড়ায় বি'ষা'ক্ত কেমিক্যালে পাকানো হচ্ছে কলা, চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন হাটবাজারে অবাধে বিক্রি হচ্ছে বিষাক্ত কেমিক্যালে পাকানো কলা। চলতি মৌসুমে পাকা কলার ব্যাপক চাহিদা থাকায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও আড়তদার বেপরোয়া হয়ে উঠেছেন। দ্রুত ফল পাকাতে তারা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করছেন। এসব বিষাক্ত কলা খেয়ে শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলার বিভিন্ন হাটবাজার ও কলার আড়ত ঘুরে দেখা যায়, অপরিপক্ব কাঁচা কলায় গণহারে বিষাক্ত কেমিক্যাল মেশানো হচ্ছে। আড়তগুলোতে কলার কাঁদি সাজিয়ে বিশেষ একধরনের দাহ্য কেমিক্যাল স্প্রে বা মিশ্রণ ব্যবহার করা হচ্ছে। নাম প্রকাশ না
করার শর্তে একাধিক কলা ব্যবসায়ী জানান, বাগান থেকে কাঁচা কলা কেনার পর দ্রুত বাজারে বিক্রির উপযোগী করতে তারা কেমিক্যাল ব্যবহার করেন। এতে মাত্র এক দিনের মধ্যেই কলার ছাল হলুদ ও নরম হয়ে যায়। এক আড়তদারের কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, কেমিক্যাল না দিলে কলা স্বাভাবিকভাবে পাকতে সময় লাগে। আর কেমিক্যাল দিলে এক দিনেই আকর্ষণীয় রং ধারণ করে, যা সহজে বিক্রি করা যায়। বাস্তবে দেখা গেছে, কেমিক্যাল দিয়ে পাকানো এসব কলার বাইরের চামড়া আকর্ষণীয় হলুদ হলেও ভেতরের অংশ কাঁচা ও শক্ত থেকে যায়। এসব কেমিক্যাল মিশ্রিত কলা উপজেলার প্রধান প্রধান বাজার, ফুটপাত, স্কুল-কলেজের সামনের দোকান এমনকি ভ্যানগাড়িতে করে গ্রামে গ্রামে বাসা-বাড়ির সামনেও বিক্রি করা হচ্ছে। মুখরোচক ও আকর্ষণীয় দেখতে হওয়ায় না জেনে এসব কলা কিনে প্রতারিত ও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা বলেন, বিষাক্ত কেমিক্যাল ও দাহ্য পদার্থযুক্ত ফলমূল গ্রহণ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি খাওয়ার পরপরই বমি ভাব, পেটের পীড়া ও ডায়রিয়া হতে পারে। তিনি আরও জানান, কেমিক্যাল মিশ্রিত খাদ্য গ্রহণ করলে তার ক্ষতিকর প্রভাব সরাসরি পড়ে মানুষের লিভার ও কিডনির ওপর। খাদ্য হজম ও বিপাক প্রক্রিয়ায় শরীরের এসব সংবেদনশীল অঙ্গ জটিলতায় পড়ে। দীর্ঘমেয়াদে কেমিক্যালযুক্ত খাদ্য গ্রহণের ফলে কিডনি বিকল হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) মুন্নী ইসলাম বলেন, আমি অচিরেই বাজার মনিটরিং করে যারা কেমিক্যাল দিয়ে কলা পাকায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে, স্থানীয় সচেতন মহল অবিলম্বে উপজেলার বিভিন্ন কলার আড়ত ও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স