নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার হোমনা উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে ইউনিয়নভিত্তিক নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার ফুটবল খেলায় খেলতে নেমে জিসান আহমেদ (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমেছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত জিসান হোমনা উপজেলার অনন্তপুর দড়িকান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতার অংশ হিসেবে সোমবার দুপুরে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মাথাভাঙ্গা ইউনিয়ন ও হোমনা পৌরসভার মধ্যে ফুটবল খেলা চলছিল। এতে জিসান পৌরসভার পক্ষে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়ে যায়। পরে দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বলেন, জিসান আমার স্কুলের একজন মেধাবী ছাত্র এবং সেরা ফুটবল খেলোয়াড় ছিল। উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে সে বিদ্যালয়ের সুনাম অর্জন করেছে। তার মৃত্যুতে স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা শোকাহত হয়ে পড়েছেন।
শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন হাসপাতালে ছুটে যান এবং কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক মো. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হৃদরোগজনিত কারণে তার মত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, অভিভাবকের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।