সুবিদপুরে ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোজাম্মেল হকের নির্বাচনি প্রচারণা শুরু
সুবিদপুরে ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোজাম্মেল হকের নির্বাচনি প্রচারণা শুরু
বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি উপজেলার ৫ নম্বর সুবিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোদন্ডা গ্রামে মেম্বার পদপ্রার্থী মো. মোজাম্মেল হক আরিন্দার নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) মাগরিবের নামাজের পর গোদন্ডা গ্রামে তাঁর নিজ বাড়ির সামনে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন তিনি। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন সুবিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, তালতলা বাহাদুরপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন তালুকদার, ডেবরা নেছারিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের সরদার, সুবিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সদস্য মো. সাইফুল ইসলাম সরদার, সাবেক ইউপি সদস্য মো. বেলাল আরিন্দা এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, নির্বাচনে দল-মত কিংবা ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সৎ, যোগ্য ও আদর্শবান ব্যক্তিকে নির্বাচিত করা উচিত। যিনি নির্বাচিত হয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করবেন, ভোটারদের তাকেই সমর্থন দেওয়া প্রয়োজন। মেম্বার পদপ্রার্থী মো. মোজাম্মেল হক বলেন, “আমি প্রার্থী হয়েছি, সেটাই বড় কথা নয়। আপনারা যাকে সৎ, যোগ্য ও ভালো মনে করবেন এবং যার মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হবেন, তাকেই মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে ন্যায় ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।” তিনি আরও বলেন, ‘করব কাজ, গড়ব গ্রাম—সবার আগে গোদন্ডা গ্রাম’ স্লোগানকে সামনে রেখে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই তাঁর অঙ্গীকার। তাঁর ভাই এই গ্রামের সাবেক সফল ইউপি সদস্য ছিলেন উল্লেখ করে তিনি বলেন, “আমরা কেমন, তা আপনারা সবাই জানেন। অতীতে যেভাবে আমাদের পাশে ছিলেন, আগামীতেও সেভাবে সহযোগিতা করবেন বলে আশা করি। নির্বাচিত হলে সুখে-দুঃখে আপনাদের পাশে থেকে সেবা করতে চাই, ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “আমি আপনাদেরই সন্তান।
আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার কাছে সমান গুরুত্ব পাবেন।” আলোচনা সভায় বক্তারা এলাকার উন্নয়ন, জনসেবা ও স্থানীয় সমস্যা সমাধানে প্রার্থীর পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স