মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
শিশুদের আনন্দের মধ্য দিয়ে শেখানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষায় শিশুদের জন্য আনন্দময় ও স্বতঃস্ফূর্ত শেখার পরিবেশ নিশ্চিত করতে হবে। বুধবার (৪-নভেম্বর)২০২৬ সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় আলহাজ এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ে পৌঁছে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন প্রতিমন্ত্রী। এ সময় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করেন তিনি। শিশুদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের পড়াশোনা, মেধা ও আগ্রহের বিষয়ে খোঁজ নেন এবং শ্রেণিকক্ষের শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন। প্রতিমন্ত্রীর এমন ব্যতিক্রমী অংশগ্রহণে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আনন্দঘন পরিবেশে পাঠদান কার্যক্রমে অংশ নেয় শিক্ষার্থীরাও। পরিদর্শনকালে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন ববি হাজ্জাজ। এ সময় শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি। পাশাপাশি মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক ও লিটল এগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গে কথা বলেন। বিদ্যালয়ের বাগান ঘুরে দেখে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উৎসাহ দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে দুপুরে উপজেলার জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সেখানে শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী
হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদসহ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স