ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে : মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৪ ১৫:৩৮:০৫
প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে : মন্ত্রী প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে : মন্ত্রী
  নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬’ দেওয়ার অনুষ্ঠানে যাওয়ার কথা থাক‌লেও দেশের শ্রম পরিস্থিতির কারণে সরাসরি উপস্থিত হ‌তে পা‌রে‌নি প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তি‌নি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে প্রবাসী ব্যবসায়ীদের দেশের অর্থনীতি ও ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) হওয়া এ অনুষ্ঠা‌নের তথ্য বুধবার (৪ ন‌ভেম্বর) এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে জা‌নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রবাসীরা আমাদের দেশের গর্ব ও অর্থনীতির অন্যতম শক্তি। তারা পরিবার-পরিজন ছেড়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করছেন এবং তাদের পাঠানো রেমিট্যান্সে দেশের লাখ লাখ পরিবার উপকৃত হওয়ার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। প্রবাসীরা কেবল রেমিট্যান্স পাঠানোতেই সীমাবদ্ধ নন, বরং বিদেশের মাটিতে সফল ব্যবসা-বাণিজ্য পরিচালনা, শিল্পপ্রতিষ্ঠান স্থাপন এবং আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছেন বলে তিনি উল্লেখ করেন। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের কথা স্মরণ করে মন্ত্রী দেশটির রাষ্ট্রপতি, সরকার প্রধান ও আমিরাত সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকারের নানা উদ্যোগ তুলে ধরে মন্ত্রী জানান, প্রবাসীদের মর্যাদা রক্ষা ও সঠিক পরিচয় নিশ্চিত করতে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়েছে, যার মাধ্যমে প্রবাসীরা যে কোনো সময় সহজে সরকারি সেবা ও সহযোগিতা লাভ করতে পারবেন। সম্মাননাপ্রাপ্ত সিআইপিদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শুধু বাড়িঘর নির্মাণ নয়, বরং শিল্পপ্রতিষ্ঠান, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও বেশি বিনিয়োগের মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এ ছাড়া, বিদেশের

বাজারে বাংলাদেশি পণ্যের পরিধি বাড়াতে, বিদেশের বাজারে কর্মীর চাহিদা সম্পর্কে সরকারকে তথ্য দিয়ে সহায়তা করতে এবং সামাজিক উন্নয়নমূলক কাজে প্রবাসীদের সম্পৃক্ত থাকার উদাত্ত আহ্বান জানান তিনি। মন্ত্রী প্রবাসীদের নিজ নিজ দেশের আইনকানুন মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, আপনাদের কাজের মাধ্যমে যেন দেশের সুনাম ক্ষুণ্ণ না হয়। সফল এই আয়োজনের জন্য ‘বাংলাদেশ সিআইপি বিজনেস

অ্যাসোসিয়েশন’-কে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ