বরিশাল নগরীর ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় করেন অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল
নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ, মতবিনিময় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত তিনি নগরীর উল্লিখিত দুটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন মসজিদে আগত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
দিনের কর্মসূচির শুরুতে তিনি ২৫ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় সাংগঠনিক কার্যক্রম, এলাকার সার্বিক পরিস্থিতি এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়।
এরপর তিনি জান্নাতুল বকুল মহিলা আলিয়া মাদরাসা পরিদর্শন করেন। সেখানে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
সকাল ১১টায় তিনি বরিশালের ঐতিহ্যবাহী দারুল আবরার মডেল কামিল মাদরাসা পরিদর্শন করেন। মাদরাসায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মুফতি হাসান বিন হাবিব। এ সময় তিনি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
বিকেলে ২৪ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়ক জামে মসজিদে সালাতুল আসর আদায় করেন অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
এরপর সন্ধ্যায় লালদিঘীর পার জামে মসজিদে সালাতুল মাগরিব আদায় করেন। সেখানেও নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি। দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে মোল্লা বাড়ি জামে মসজিদে সালাতুল এশা আদায় করেন এবং উপস্থিত মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর সহকারী সেক্রেটারি ও কোতয়ালী দক্ষিণ থানা আমীর তারিকুল ইসলাম, ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি ইউনুস আলী খান, ২৪ নম্বর ওয়ার্ড সভাপতি তারেক খানসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরা।