ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোতে গোপনে নারীর ভিডিও ধারণ, ফোন চাইতেই পা'লালে'ন যুবক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৮ ২০:১৯:৪৪
মেট্রোতে গোপনে নারীর ভিডিও ধারণ, ফোন চাইতেই পা'লালে'ন যুবক মেট্রোতে গোপনে নারীর ভিডিও ধারণ, ফোন চাইতেই পালালেন যুবক

নিজস্ব প্রতিবেদক

ভারতের বেঙ্গালুরুতে মেট্রোরেলের ভেতরে গোপনে এক নারীর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী তাঁর ফোন দেখতে চাইলে সেটি নিয়ে পালিয়ে যান ওই যুবক। এ ঘটনায় পুলিশ মামলা করেছে এবং অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে।

 

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ ঘটনার কথা জানানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

ইনস্টাগ্রামে ‘সৌপিকা’ নামে পরিচিত ওই নারী নিজেকে ভ্রমণ ও জীবনধারাবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দেন। তাঁর অভিযোগ, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার কাদুগোডি রোডের কাছে মেট্রোরেলে এ ঘটনা ঘটে।

 

ঘটনার পর প্রকাশ করা ভিডিওতে সৌপিকাকে বলতে শোনা যায়, মেট্রোর ভেতরে এক ব্যক্তিকে তিনি হাতেনাতে ধরেছেন, যিনি তাঁর ভিডিও ধারণ করছিলেন। ভিডিওতে তাঁকে আতঙ্কিত দেখাচ্ছিল। তিনি বলেন, ঘটনার সময় তাঁর শরীর পুরোপুরি ঢাকা ছিল। তাঁর পোশাকের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি।

 

ভিডিওতে দেখা যায়, সৌপিকা নিজের ফোন তুলে ধরে ওই ব্যক্তির কাছে বারবার জানতে চাইছেন, কেন তিনি তাঁর ভিডিও ধারণ করছিলেন। তিনি ওই যুবককে ফোন আনলক করে দেখাতে বলেন। জবাবে যুবকটি ফোন খুলে দেখানোর কথা জানান।

 

মেট্রোর লিফটে সৌপিকা তাঁকে বলেন, ঘটনাটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করবেন। এ সময় ওই ব্যক্তি দুঃখ প্রকাশ করেন। তবে ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করছেন কি না, জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। পরে নিজের ফোন নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন।

 

সৌপিকার দাবি, তিনি ওই ব্যক্তির ফোনটি নিয়ে মেট্রোর নিরাপত্তাকর্মীদের কাছে দিয়েছিলেন। কিন্তু ট্রেন একটি স্টেশনে থামার পর ওই যুবক ফোনটি নিয়ে দৌড়ে পালিয়ে যান। তাঁর অভিযোগ, ওই ব্যক্তি তাঁর ব্যাগও নিয়ে পালিয়েছিলেন। পরে ধাওয়া করে তিনি ব্যাগটি উদ্ধার করেন। অভিযুক্তকে শনাক্ত করতে বেঙ্গালুরুর বাসিন্দাদের সহায়তাও চেয়েছেন তিনি।

 

সৌপিকা জানান, ঘটনার পর তিনি মেট্রো স্টেশনেও অভিযোগ করেন। সেখানে কর্মকর্তারা তাঁকে সাত দিনের মধ্যে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

 

পরে বেঙ্গালুরু সিটি পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটির মন্তব্যের ঘরে তাঁর সঙ্গে যোগাযোগ করে। পুলিশ ঘটনার সুনির্দিষ্ট স্থান জানতে চায় এবং ব্যক্তিগত বার্তার মাধ্যমে যোগাযোগের নম্বর পাঠাতে বলে। পরে পুলিশ নিশ্চিত করে, এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

 

পরবর্তী একটি ভিডিওতে সৌপিকা জানান, তিনি কাদুগোডি থানায় গিয়ে অভিযোগ নথিভুক্ত করেছেন। দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি পুলিশকে ধন্যবাদ জানান।

 

তিনি আরও বলেন, ভিডিওতে দেখা ব্যক্তির চেহারার সঙ্গে মিল রয়েছে: এমন কয়েকজনকে শনাক্ত করেছেন তদন্তকারীরা। তবে অভিযুক্তকে নিশ্চিতভাবে শনাক্ত করার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখনো তাঁকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।






 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ