ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরের পরিস্থিতি এখন হিন্দি সিরিজের মির্জাপুরের মতো হয়ে গেছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৫ ২২:৪৭:৩৫
মিরপুরের পরিস্থিতি এখন হিন্দি সিরিজের মির্জাপুরের মতো হয়ে গেছে: আসিফ মাহমুদ মিরপুরের পরিস্থিতি এখন হিন্দি সিরিজের মির্জাপুরের মতো হয়ে গেছে: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক 
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভ সফল করার লক্ষ্যে রোববার (২৫ অক্টোবর) ঢাকা মহানগর উত্তরের মিরপুর-১০ গোলচত্বর থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি
 
এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী সজীব ভূঁইয়া বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ নানা সংকট তৈরি হয়েছে। এসব সংকটের প্রতিবাদে ১৮ কোটি মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। জনগণের বক্তব্য শুনে সেগুলো কর্মসূচিতে তুলে ধরতেই এনসিপির এই গণসংযোগ ও লিফলেট বিতরণ।
 
মিরপুরের পরিস্থিতি তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের পর মিরপুর আর আগের অবস্থায় নেই। মিরপুরের পরিস্থিতি এখন হিন্দি সিরিজ মির্জাপুরের মতো হয়ে গেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাটি বিভিন্ন সন্ত্রাসী ও মাফিয়া গোষ্ঠীর দখলে চলে গেছে। এসব গোষ্ঠীর তৎপরতায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। একটি ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনাও এর উদাহরণ। ওই ঘটনায় একজন সংসদ সদস্যকে পদত্যাগের নাটক মঞ্চস্থ করা হলেও তার বিরুদ্ধে কোনো আইনী ব্যবস্থা নেওয়া হয়নি, হামলায় জড়িত প্রধান ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়নি। বরং এর মাধ্যমে মিরপুরের মাফিয়াদের দায়মুক্তি দেওয়া হয়েছে।  
 
তিনি আরও বলেন, মিরপুরে বিভিন্ন স্থাপনা দখল ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। একসময় চাঁদাবাজি নির্দিষ্ট কিছু ব্যবসাপ্রতিষ্ঠান বা মার্কেটে সীমাবদ্ধ থাকলেও এখন তা গ্রামগঞ্জের অলিগলি ও পাড়া-মহল্লা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এমনকি মহিষকে ঘাস খাওয়ানো ও পুকুরে মাছের খাবার দেওয়ার মতো বিষয়েও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। চাঁদাবাজির মাধ্যমে একটি নির্দিষ্ট দলের বিপুলসংখ্যক নেতাকর্মীর কর্মসংস্থান হয়েছে।
 
সরকারের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, সরকারের একাংশ লুটপাটে ব্যস্ত, আরেক অংশ ক্যামেরার সামনে অভিযান চালালেও পরে অভিযুক্তদের সঙ্গে সমঝোতা করছে। বিভিন্ন বার ও প্রতিষ্ঠানে অভিযানকে স্বাগত জানালেও অভিযানের পর সেখানে আবারও লেনদেনের অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর একজন পার্সোনাল স্টাফের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, প্রতিদিন বিভিন্ন স্থানে অপরাধের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী যথাযথভাবে সেগুলোর জবাব দিচ্ছেন না। তিনি জনগণের সাথে কীভাবে প্রতারণা করা যায় তার ১০১ টি উপায় খুঁজছেন, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ভ্রুক্ষেপ নাই। এ পরিস্থিতিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।
 
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদ যথাযথ প্রক্রিয়ায় কার্যকর করতে হবে। গণঅভ্যুত্থানে নিহত প্রায় ১ হাজার ৪০০ মানুষের হত্যার বিচারও নিশ্চিত করতে হবে। এসব দাবিতে আয়োজিত আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভে অংশ নিতে মিরপুরবাসীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি। 
 
একই সঙ্গে দেশকে পেছনের দিকে না নিয়ে অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ