ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক
ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত ‘পিক্যাক্স মাউন্টেন’ নামের গোপন স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্য এমন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন তিনি।
তবে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে মার্কিন টেলিভিশন চ্যানেল নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধের প্রসঙ্গও উঠে আসে সেখানে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিকানা থেকে দূরে রাখা। কারণ তার মতে, ইরানের হাতে এমন অস্ত্র থাকলে তারা তা অবশ্যই ব্যবহার করবে।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পাহাড়ের অনেক গভীরে লুকিয়ে রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, তাদের পারমাণবিক স্থাপনাগুলো লাখ লাখ টন পাথরের নিচে চাপা পড়ে আছে। এখন আমরা পিক্যাক্স মাউন্টেনের দিকে নজর দিচ্ছি। সেখানে আমাদের যেতে হতে পারে। আমরা ওই স্থাপনায় হামলা চালাব এবং দ্রুতই সেটিকে ধ্বংস করে দেব। পিক্যাক্স মাউন্টেন তেহরানের কাছাকাছি অবস্থিত একটি অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি থামিয়ে দিতে যুক্তরাষ্ট্র আরও হামলার বিষয়টি বিবেচনা করছে বলে জানান ট্রাম্প।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রশ্নে তিনি সরাসরি জবাব দেন, আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। এর কোনো প্রয়োজন নেই। স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনাও নেই বলে তিনি আবারও নিশ্চিত করেন।
সাক্ষাৎকারে জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বা ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত বোমার বিষয়টিও আলোচনায় আসে। ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় এই বোমা ব্যবহারের অনুমতি দিয়েছেন কি না, সে বিষয়ে ট্রাম্প সরাসরি কিছু বলেননি। তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি একটি প্রচলিত বোমা, পারমাণবিক অস্ত্র নয়।