ড. ইউনূস ভালো আছেন, তার কোনো ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তার সফরসঙ্গী লামিয়া মোরশেদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “স্যারের কোনো ক্ষতি হয়নি, তিনি একদম ভালো আছেন।”
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দুই শিশুর সঙ্গে ড. ইউনূসের একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে এসব কথা জানান ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক ও সাবেক অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
ফেসবুক পোস্টে লামিয়া মোরশেদ উল্লেখ করেন, “জেএফকে বিমানবন্দরে ওই বর্বর লোকগুলো উনাকে ঘিরে ধরার কয়েক মিনিট আগেই আমি এই ছবিগুলো তুলেছিলাম। পুরো পথজুড়েই ভালোবাসা ও সম্মান ছিল। তিনি একদম ভালো আছেন।”
তিনি আরও বলেন, “ওই লোকগুলোর চরম বর্বরতা এবং তারা আসলে কতটা হীন-সেটাই এ ঘটনায় আবারও প্রকাশ পেয়েছে। এতে স্যারের কোনো ক্ষতি হয়নি।” এ সময় দুঃসময়ে যাঁরা পাশে দাঁড়িয়ে বার্তা পাঠিয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, সোমবার (১২ অক্টোবর) নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছালে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হেনস্তার মুখে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন ব্যক্তি হঠাৎ ড. ইউনূসের পথরোধ করেন।
পরিস্থিতি বুঝে তার সহযোগীরা হুইলচেয়ার ঘুরিয়ে তাকে দ্রুত টার্মিনালের ভেতরের নিরাপদ স্থানে নিয়ে যেতে থাকেন। এ সময় হেনস্তাকারীরা তার পেছনে ছুটে নানা উসকানিমূলক মন্তব্য ও স্লোগান দিতে থাকেন। তবে সফরসঙ্গীদের দ্রুত পদক্ষেপে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা ছাড়াই ড. ইউনূস নিরাপদে পৌঁছান।