ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লা বিজয়ী হলে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে : দেলাওয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৩ ১৬:০৫:৩৭
ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লা বিজয়ী হলে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে : দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লা বিজয়ী হলে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে : দেলাওয়ার হোসেন
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের সমর্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষ সদস্য, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, আগামী ২৯ অক্টোবরের নির্বাচনে দাঁড়িপাল্লা বিজয়ী হলে ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা জরুরি হলেও অতীতের কোনো এমপি এবিষয়ে উদ্যোগ নিতে দেখা যায়নি। শিক্ষা ও স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকারের অন্যতম দুটি অধিকার হলেও এই অধিকার প্রতিষ্ঠায় অতীতের এমপিদের কোনো পদক্ষেপ ছিল না। আগামীতের তাদের অনুসারীরা জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে জনগণের অধিকার কেড়ে নেবে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ভুল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কাঁঠালতলী বাজারে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি স্থানীয়দের আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নিজেদের অধিকার বুঝে নেওয়ার আহ্বান জানান। 

দেলাওয়ার হোসেন বলেন, আমাদের লড়াই হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই। আমরা সমাজ থেকে বৈষম্য দূর করে একটি মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যেখানে দুর্নীতি, অনিয়ম, দলীয়করণ থাকবে না। তিনি নির্বাচিত হলে সরকারি বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সরকারি বরাদ্দের একটি পয়সাও তছরুপ করতে দেওয়া হবে না এবং কোনো বরাদ্দে দলীয়করণ করা হবে না। রাষ্ট্রীয়ভাবে যা বরাদ্দ হবে ডিজিটাল বোর্ডের মাধ্যমে তা প্রচার করে জনগণকে জানিয়ে দেওয়া হবে। এবং বরাদ্দকৃত টাকা কোথায়, কীভাবে খরচ করা হবে সেটিও জনগণের সামনে তুলে ধরা হবে। সরকারি নিয়োগে কোনো ধরনের দলীয়করণ ঠাকুরগাঁওয়ে হতে দেবো না। যোগ্য প্রার্থী যেই দলের বা মতের হোক না কেন তিনি যোগ্যতার বিবেচনায় নিয়োগ প্রাপ্ত হবেন। দলমত, ধর্মবর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে সমাজের প্রতিটি মানুষ সরকারি সুযোগ-সুবিধা সমানভাবে পাবে। অতীতে যারা এমপি হয়েছে তাদের ক্ষেত্রে দেখা গেছে সরকারি বরাদ্দ দলীয় বিবেচনায় বন্টন হয়েছে। কিন্তু ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লা বিজয়ী হলে জনগণের বিজয় হবে। সকল মানুষের সমান অধিকার নিশ্চিত হবে। 

সন্ত্রাস-চাঁদাবাজ, মাদক কারবারিদের নেতৃত্বে সমাজে শান্তি ও শৃঙ্খলা আসবে না উল্লেখ করে তিনি বলেন, যারা সন্ত্রাস ও চাঁদাবাজ লালন-পালন করে, মাদক ও অস্ত্রের রাজনীতি করে তাদের নেতৃত্বে জনগণ বারবার শোষিত হয়েছে। আগামীতে শোষণের হাত থেকে মুক্তির জন্য ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকমুক্ত ঠাকুরগাঁও গড়তে তিনি স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।  

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, যারা গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে গণভোটের রায় মেনে নেয়নি, যারা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করে নির্বাচনের পরে বলে ওই প্রতিশ্রুতি ছিল নির্বাচনের বৈরতণী পার হওয়ার জন্য! এই যে জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকা বিএনপি করেছে সেই জবাব আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ব্যালেটের মাধ্যমে বিএনপিকে সেই প্রতারণা ও বিশ্বাসঘাতকার জবাব দিতে তিনি ঠাকুরগাঁও-১ আসনের জনগণের প্রতি আহ্বান জানান।  

আউলিয়াপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাকিবুল ইসলাম মিলু’র পরিচালনায় আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম শামসুল ইসলাম। এসময় স্থানীয় ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


 


নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ