আফগান লিগের ড্রাফট থেকে সরে দাঁড়ালেন ইংলিশ ক্রিকেটার
আফগান লিগের ড্রাফট থেকে সরে দাঁড়ালেন ইংলিশ ক্রিকেটার
নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরের খেলোয়াড় ড্রাফট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার অলি পোপ। আফগানিস্তানে তালেবান সরকারের নারী ও মেয়েদের প্রতি আচরণ নিয়ে ইংলিশ ক্রিকেটে বিতর্কের মধ্যেই এমন সিদ্ধান্ত নিলেন তিনি। এপিএলে অংশ নিতে নাম নিবন্ধন করেছিলেন পোপ।
ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের মধ্যে তিনিই ছিলেন এই টুর্নামেন্টের ড্রাফটে থাকা একমাত্র ক্রিকেটার। তবে ড্রাফট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি তিনি নিজেই নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। গত সোমবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে। সেখানে ১২ মাসের চুক্তি পেয়েছেন পোপ। এর আগে এপিএলে ইংলিশ ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন ইসিবির ক্রিকেট পরিচালক রব কি। তার মতে, খেলোয়াড়দের সেখানে যাওয়া ঠেকানো আইনগতভাবে কঠিন হলেও বিষয়টি নৈতিক বিবেচনার সঙ্গে জড়িত। রব কি বলেছিলেন, আফগানিস্তানে নারীদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়, তা তিনি সমর্থন করেন না। তবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চাওয়া ক্রিকেটারদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও রয়েছে বলে মনে করেন তিনি।
এপিএলে খেলতে হলে ইংলিশ ক্রিকেটারদের ইসিবির কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে। তালেবান সরকার ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ইংল্যান্ড। নারী ও মেয়েদের অধিকার সীমিত করার প্রতিবাদেই এই অবস্থান নিয়েছে ইংল্যান্ডের বোর্ড। তবে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির মতো বহুদলীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় আফগানিস্তানের বিপক্ষে খেলেছে ইংল্যান্ড। এপিএলের প্রথম আসর সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা। পোপ সরে দাঁড়ালেও ইংল্যান্ডের সাবেক ব্যাটার ডেভিড মালানসহ আরও কয়েকজন ইংলিশ ক্রিকেটারের ড্রাফটে নাম রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স