নিজস্ব প্রতিবেদক
প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের অভিযোগে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় একটি গাড়িও জব্দ করা হয়।
চসিক সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় অবৈধ পার্কিংয়ের দায়ে এসব মামলা করা হয়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এতে চসিকের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুবল চাকমাসহ সংশ্লিষ্ট জোন কর্মকর্তা, তত্ত্বাবধায়ক, ওয়ার্ড সুপারভাইজার, চসিকের স্ট্রাইকিং ফোর্স এবং পতেঙ্গা থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
চসিকের উদ্যোগে পতেঙ্গা এলাকায় নির্মিত দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং বন্ধ এবং সাইকেল চালকদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।
সাইকেল ট্র্যাকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, অবৈধ পার্কিং প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন সাইকেল চলাচলের পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।