ল্যাপটপ ও ক্যামেরা চুরি যাওয়া জার্মান তরুণকে ম্যাকবুক উপহার
নিজস্ব প্রতিবেদক
রেলস্টেশন থেকে ল্যাপটপ ও ক্যামেরা চুরি যাওয়া সেই জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবারকে ম্যাকবুক উপহার দিয়েছেন আঞ্জুমান ডিজাইনার্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার মুক্তি মাহমুদ।
এদিকে তিনদিন পার হলেও সন্ধান মেলেনি জার্মান তরুণের ল্যাপটপ ও ক্যামেরার। গুরুত্বপূর্ণ এসব সরঞ্জাম উদ্ধারে কাজ করছে পুলিশ, এসআরবি ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে এখনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
নাটোর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, ঘটনাটি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনুসন্ধান চালাচ্ছেন। সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে তদন্ত পরিচালনা করা হচ্ছে। এর পেছনে কারা জড়িত এবং সেগুলো কোথায় রয়েছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য সূত্র ধরে অনুসন্ধান চালানোর চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রসঙ্গত, বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করতে এসে জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবার বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে সান্তাহারে আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে করে তিনি নাটোর রেলস্টেশনে এসে নামেন।
এরপর নাটোর থেকে তিনি অন্য একটি ট্রেনে করে বাংলাদেশের দর্শনা বর্ডার হয়ে ভারতে যাবেন। এজন্য তিনি নাটোর রেলস্টেশনে প্লাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এক সময় সেই চোর যুবকটি তার ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতে নাটোর সদর থানা পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন।
রেলওয়ে পুলিশের সান্তাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন বলেন, ‘নাটোর ও সান্তাহার প্লাটফর্মের সিসিটিভি ফুটেজে ভেস্ট পরিহিত লোকটিকে এখনো শনাক্ত করা যায়নি। তিনি রেলওয়ের কেউ নন। প্রাথমিক ধারণা- তিনি কোনো প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মী হতে পারেন।’
ওসি বলেন, ‘প্রথম দিন ল্যাপটপটির অবস্থান জানতে পারলেও এখন আর তা জানা যাচ্ছে না। হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধারে তদন্ত অব্যাহত আছে।’