কক্সবাজার-ঢাকা বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ, ৮২ আরোহী নিরাপদ
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটে নোজ ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণের পরিস্থিতি তৈরি হয়। পরে বিকল্প পদ্ধতিতে ল্যান্ডিং গিয়ার সম্প্রসারণ করে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ উড়োজাহাজটি শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে ৭৮ যাত্রী ও ৪ ক্রুসহ মোট ৮২ জন আরোহী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। দুপুর ২টা ২০ মিনিটে উড্ডোজাহাজটি প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় পাইলট জরুরি পরিস্থিতির কথা এরিয়া কন্ট্রোলকে জানান।
বিমানের পক্ষ থেকে জানানো হয়, উড়োজাহাজটির ২ নম্বর হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ার পর নোজ ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে সম্প্রসারণে সমস্যা হয়। খবর পেয়ে শাহজালাল বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও রেসকিউ টিমকে সতর্ক অবস্থায় রাখা হয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়।
পাইলটের কার্যকর পদক্ষেপে বিকল্প পদ্ধতিতে নোজ ল্যান্ডিং গিয়ার সম্প্রসারণ করা সম্ভব হয়। পরে দুপুর ৩টা ৯ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। অবতরণের পর যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
ঘটনার সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, বেবিচক চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।