বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় জাবির ১০ জন
বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় জাবির ১০ জন
নিজস্ব প্রতিবেদক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০ জন শিক্ষক ও গবেষক। একই মূল্যায়নে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দশম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে ২০২৬ সালের এ তালিকা প্রকাশ করে। তালিকায় স্থান পাওয়া জাবির গবেষকেরা হলেন- অধ্যাপক এ এ মামুন (২৪১), মো. সাইফুল ইসলাম (৫৩১), মো. শরাফাত চৌধুরী (৫৯৯), এস এম দিদার উল ইসলাম (৬৬৫), মো. আল-আমিন খান (৭২৭), অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান (৮৯২), শারমিন সুলতানা (১৮৯০), এম শামীম কায়সার (৫৩২৪), মোহাম্মদ শরীফ উদ্দিন (৮৫১০) এবং আবু বকর সিদ্দিক (৮৭৫৫)। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহলেখকদের
গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক পরিসরে গবেষকদের গবেষণার প্রভাব ও অবদান মূল্যায়নে এ তালিকা ব্যবহার করা হয়। এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম। তিনি বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক ও গবেষকের স্থান পাওয়া তাদের নিরলস গবেষণা ও মেধার আন্তর্জাতিক স্বীকৃতি। তিনি আরও বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশকে সমৃদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের গবেষকদের অনুপ্রাণিত করবে। তালিকায় স্থান পাওয়া গবেষকদের অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, তারা ভবিষ্যতেও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও দেশের সুনাম বয়ে আনবেন।
প্রসঙ্গত, ২০২৬ সালের এ তালিকায় বাংলাদেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন। গবেষকের সংখ্যার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বে ৪৫তম অবস্থানে রয়েছে। মুহাম্মদ সাব্বির/এসএইচএ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স