জাতিসংঘ নির্বাচনে বাংলাদেশের সমর্থন চায় যুক্তরাষ্ট্র
জাতিসংঘ নির্বাচনে বাংলাদেশের সমর্থন চায় যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্তের কথা বাংলাদেশকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থার আসন্ন নির্বাচনে মার্কিন প্রার্থীদের প্রতি বাংলাদেশের সমর্থন চেয়েছে দেশটি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান এসব বিষয় জানান।
সাক্ষাতে মানবপাচার ও যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবপাচার প্রতিবেদন (টিআইপি), জ্বালানি, বিশেষ করে এলপিজি, শিক্ষা ও প্রশিক্ষণ এবং ফুলব্রাইট কমিশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। পাশাপাশি জাতিসংঘ ও এর সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রার্থীদের প্রতি বাংলাদেশের সমর্থন কামনা করেন তিনি। এ সময় বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাম্প্রতিক সিলিকন ভ্যালি সফর নিয়েও জানতে চান এরিক গিলান। জবাবে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রোহিঙ্গাদের জন্য মার্কিন আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান। জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নির্বাচনে মার্কিন প্রার্থীদের সমর্থনের অনুরোধগুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন তিনি।
সিলিকন ভ্যালি সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ক্যালিফোর্নিয়ার সফরটি সফল হয়েছে। সেখানে প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্টার্ট-আপ ও প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বেশ কয়েকটি ফলপ্রসূ বৈঠক হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স