খাবারের সঙ্গে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের গৌরীপুরে ওয়াসকুরুনি নামে দুই বছরের এক শিশুকে খাবারের সঙ্গে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মা ও বাবার বিরুদ্ধে।
এই ঘটনায় শিশুটির মা মোছা. শেফালী গৌরীপুর থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সৎ মা আকলিমা ও বাবা আব্দুল কাদিরকে আটক করেছে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর দত্তবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল কাদিরের বাড়ি উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর দত্তবাড়ি গ্রামে। ২০১৫ সালে আব্দুল কাদির উপজেলার মইলাকান্দা ইউনিয়নের বড় কালীহর গ্রামের আব্দুল হাকিমের মেয়ে মোছা. শেফালিকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের জয়নাল আবেদীন (৮) ও ওয়াসকুরুনি (২) নামে দুটি সন্তান রয়েছে। ২০২৫ সালের নভেম্বর মাসে আইনিভাবে আব্দুল কাদিরের সঙ্গে শেফালীর বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদের এক সপ্তাহ পর আব্দুল কাদির বিয়ে করেন বোকাইনগর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মেয়ে আকলিমাকে। এরপর দুই সন্তান জয়নাল আবেদীন (৮) ও ওয়াসকুরুনি (২) ও দ্বিতীয় স্ত্রী আকলিমাকে নিয়ে আব্দুল কাদির একসঙ্গে বসবাস করতো।
গত মঙ্গলবার দুপুরে আকলিমা শিশু ওয়াসকুরুনিকে ডিম খাওয়ায় ও পানি পান করায়। এরপর শিশুটিকে গোসল করিয়ে ঘুম পাড়াতে বিছানায় নিয়ে গেলে শিশুটি কাশতে শুরু করে। কাশির শব্দ শোনে ঘরে ছুটে এসে দাদি আছিয়া আক্তার শিশুটির মুখে বিষের গন্ধ পায়। পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
শিশুটির মা মোছা. শেফালী বলেন, আকলিমার সঙ্গে পরকীয়ার কারণেই আমাকে তালাক দিয়ে আকলিমাকে বিয়ে করে আব্দুল কাদির। গত ৬ অক্টোবর আমার ছোট ছেলেকে বিষ খাইয়ে হত্যা করেছে কাদির ও তার স্ত্রী আকলিমা। আমাকে না জানিয়ে সৎ মাকে আসল মা সাজিয়ে হাসপাতাল থেকে ছেলের মরদেহ বাড়িতে নিয়ে আসে। আমার ছেলে হত্যার বিচার চাই।
আব্দুল কাদির বলেন, ঘটনার দিন আমি খড় আনতে ঢালিয়া বিলে (স্থানীয় বিল) গিয়েছিলাম খড় আনতে। এসে শুনি ছেলে বিষ খেয়েছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই এবং হাসপাতালেই ছেলের মৃত্যু হয়।
শিশুর দাদী আছিয়া বলেন, ঘটনার দিন নাতির কাশি শুনে ঘরে ঢুকে দেখেন নাতিকে নিয়ে তার সৎ মা শুয়ে আছে। তখন তিনি নাতিকে সেখান থেকে টান দিয়ে বাইরে করে দেখেন মুখে বিষ গন্ধ করছে। পরে তার চাচারা বাড়ি থেকে হাসপাতালে নিয়ে গেলে নাতি মারা যায়।
গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, এই ঘটনায় শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করানো হয়েছে। শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।