মাদারীপুরে মা ইলিশ রক্ষায় ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বান প্রতিমন্ত্রীর
মাদারীপুরে মা ইলিশ রক্ষায় ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বান প্রতিমন্ত্রীর
আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক:
মা ইলিশ রক্ষায় আগামী ২২ দিন নদীতে জাল না ফেলতে জেলেদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। একই সঙ্গে ইলিশ সংরক্ষণে জেলেদের পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের কাওরাকান্দি এলাকার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা ও জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ করা হয়।
এ সময় পদ্মা নদীসংলগ্ন এলাকার ১৫১টি জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক। মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, বিএনপি নেত্রী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের
নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি ছোট ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেলে তা থেকে বিপুলসংখ্যক ইলিশের উৎপাদন হতে পারে। বড় ইলিশ থেকেও বিপুল পরিমাণ ডিম পাওয়া যায়। তাই ইলিশের প্রজনন ও সংরক্ষণে নির্ধারিত সময়ে নদীতে মাছ ধরা বন্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অভিযানের ২২ দিন সরকার জেলেদের জনপ্রতি ২৫ কেজি করে চাল দিচ্ছে। এই সময়ে জেলেদের কিছুটা কষ্ট হলেও পরবর্তীতে নদীর ইলিশ তারাই ধরবেন। তাই ইলিশের প্রজনন
মৌসুমে কেউ যেন নদীতে জাল না ফেলেন, সে জন্য জেলে সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, ইলিশের উৎপাদন ও সংরক্ষণে সরকারের পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স