ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রতীক বরাদ্দ

নির্বাচন কমিশনকে মেরুদন্ড সোজা করে দায়িত্ব পালন করতে হবে: এহসানুল মাহবুব জুবায়ের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৮ ১৭:৩১:১৩
নির্বাচন কমিশনকে মেরুদন্ড সোজা করে দায়িত্ব পালন করতে হবে: এহসানুল মাহবুব জুবায়ের নির্বাচন কমিশনকে মেরুদন্ড সোজা করে দায়িত্ব পালন করতে হবে: এহসানুল মাহবুব জুবায়ের

নিজস্ব প্রতিবেদক
আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম অব্যবস্থাপনা প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, নির্বাচন কমিশনকে আরো বেশি শক্ত হতে হবে। তাদের কথা ও কার্যক্রমে মনে হচ্ছে তাদের মেরুদন্ড এখনো সোজা হয়নি। নির্বাচন কমিশনকে মেরুদন্ড সোজা করে দায়িত্ব পালন করতে হবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন। 


নির্বাচনী আচরণ বিধি অমান্য করে প্রতীক বরাদ্দের আগের দিন বুধবার (৭ অক্টোবর) রাতে বিএনপি ঠাকুরগাঁওয়ে ব্যানার ফেস্টুন বিলবোর্ড স্থাপন করায় নিন্দা জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনেও এ ধরনের অনিয়ম অব্যবস্থাপনা হয়েছে। বিষয়গুলো আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম, কিন্তু তারা কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করেননি। এখানে যা হয়েছে আমার মনে হয় সেটি সরকারি দলকে বিশেষ সুবিধা দেয়ার জন্য এমনটা করা হয়েছে। 

তিনি আরো বলেন, মাগুরা মার্কা কোনো নির্বাচন ঠাকুরগাঁওয়ে দেখতে চাই না। এখানে কোনো অনিয়ম কারচুপি হলে জাতি সেটা মেনে নেবে না। নির্বাচন কমিশন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য যারা দায়িত্বে আছেন তাদেরকে জনগণের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে। 

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ও ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম। এসময় পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, প্রচার সেক্রেটারী শাহজালাল জুয়েলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচটি রাজনৈতিক দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বিএনপি'র মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম (হাতপাখা), খেলাফত আন্দোলনের আব্দুল নিজামী (বট গাছ) ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ০৮ অক্টোবর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।


 


নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ