দুর্গোৎসবে বিশৃঙ্খলার সৃষ্টির ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক
আসন্ন শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সরকারের কাছে তথ্য রয়েছে, আওয়ামী লীগ নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতা দখল করে বসেছিল। ভারতের আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, বিগত সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, তাদের জমিজমা দখল এবং মন্দিরে হামলার মতো ঘটনা আওয়ামী লীগের আমলেই বেশি হয়েছে। অথচ এখন তারা ভারতে বসে দেশের নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
তিনি বলেন, দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ ও সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গাপূজার সময় বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং ষড়যন্ত্র রুখে দিতে হবে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ঢাকা শহরের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা একটি বিড়ম্বনা। অটোরিকশার কারণে যানজট বেড়ে ঢাকা এখন বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। সরকার অটোরিকশা চলাচলের বিষয়ে নীতিমালা করতে যাচ্ছে। ফুটপাত দখলমুক্ত করতেও সরকার আন্তরিক।
তবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এ বিষয়টি নিয়ে রাজনীতি শুরু করেছেন বলে অভিযোগ করেন তিনি। জামায়াতে ইসলামী নেপথ্য থেকে অটোরিকশাচালকদের আন্দোলনে ইন্ধন দিচ্ছে বলেও দাবি করেন রাশেদ খাঁন।