বরিশালে নেতার বাসায় মা'দ'কে'র আসর, পুলিশ-নারীসহ চারজন আ'ট'ক
আপডেট সময় :
২০২৬-১০-০৮ ১৫:২৫:২৪
বরিশালে নেতার বাসায় মাদকের আসর, পুলিশ-নারীসহ চারজন আটক
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :
বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কথিত স্বেচ্ছাসেবক দলনেতা মিরাজুল ইসলামের বাসায় মাদকের আসরে হানা দিয়েছে ডিএনসির কর্মীরা। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় পাঁচগাঁও গ্রামের মিরাজুল ইসলামের টিনশেড বাসাটিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা চতুর দিক থেকে ঘিরে বাসায় অবস্থানরতদের স্বেচ্ছায় আত্মসমর্পণের সুযোগ দেয়। এসময় ডিএনসি কর্মীদের আহবানে কেউ সাড়া না দিয়ে সকলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। সেখান থেকে বরিশাল বিমানবন্দর থানার এএসআই দেলোয়ার হোসেন এবং জনৈক নারীসহ চারজনকে আটক করা হয়।
সূত্রমতে, মিরাজুল ইসলামের দলীয় কোনো পদপদবি না থাকলেও তিনি বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে এলাকায় নানান ধরনের অপকর্মে জড়িত ছিলেন এবং মাদক সরবরাহ করতেন। কথিত ওই নেতার সাথে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের এএসআই দেলোয়ার হোসেনের গভীর সম্পর্ক রয়েছে। তিনি (এএসআই) প্রায় দিনই মিরাজের বাসায় রাত কাটাতেন। তাদের বিরুদ্ধে স্থানীয় নিরীহ লোকজনকে হয়রানি করার বিস্তার অভিযোগ রয়েছে।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাচগাঁও গ্রামের ওই বাসায় অভিযান চালিয়ে মিরাজুল ইসলাম, পুলিশ সদস্য দেলোয়ার হোসেন, নাহিদ হাসান (২৬) এবং ফাতেমা আক্তার নুরতাজ (৩০) নামের নারীসহ মোট চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছে মাদকের বড় কোনো চালান না পাওয়া গেলেও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ডিএনসির পরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার ভোর রাতে পাচগাঁও গ্রামে স্বেচ্ছাসেবক দলনেতা মিরাজের বাসাটিকে ঘিরে রাখেন এবং ভেতরের সকলকে আত্মসমর্পণে আহবান করেন। তখন তারা ডিএনসির কর্মীদের আহবানে সাড়া না দিয়ে যে যার মতো পালানোর চেষ্টা করেন। সূর্যের আলো ফুটতেই পুলিশ কর্মকর্তা দেলোয়ার হোসেন বাসার টিন ভেঙে লাফিয়ে কাঁদামাটিতে পড়েন। তখন তাকে মাদকদ্রব্যের কর্মীরা ধরতে গেলে উভয়েরমধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকেসহ চারজনকে আটক করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আটক চারজনের মধ্যে এএসআই দেলোয়ার হোসেনকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কথিত স্বেচ্ছাসেবক দলনেতা মিরাজুলসহ বাকি তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে ডিএনসির উপ-পরিচালক খোরশেদ আলম বলেন, বিমানবন্দর থানা পুলিশের পরিদর্শক নিজে এসে ছিলেন এবং তিনি পুলিশ সদস্যর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণের প্রতিশ্রুতি দিয়ে আটক এএসআইকে তার জিম্মায় নিয়ে গেছেন।
নিউজটি আপডেট করেছেন : News Room 3
কমেন্ট বক্স