ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৮ ১৫:১৪:৫৬
পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক

বড়পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর সমমর্যাদার দায়িত্ব পেলেন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। এই পদটি ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য মর্যাদার বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

 

রাজ্যটির মুখ্যসচিব মনোজকুমার অগ্রবালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যপালের আদেশক্রমে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে মিঠুন চক্রবর্তীকে তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই দফতরের উপদেষ্টা হিসেবে মিঠুন কী ধরনের দায়িত্ব পালন করবেন, তা এখনো স্পষ্ট করা হয়নি। তবে নতুন সরকারের আমলে টলিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁকে দেখা গেছে।

 

আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এরই মধ্যে উৎসবের জন্য গঠিত কমিটির মুখ্য উপদেষ্টার দায়িত্বও পেয়েছেন মিঠুন। রাজনীতিতেও দীর্ঘদিন ধরে সক্রিয় এই অভিনেতা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। এর আগে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন।

 

পরবর্তী সময়ে বিজেপির হয়ে বিভিন্ন নির্বাচনী প্রচারে তারকা প্রচারক হিসেবে সক্রিয় ছিলেন মিঠুন। এবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় রাজনীতি ও প্রশাসনে তাঁর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ