প্রধানমন্ত্রীকে কটূক্তি করা সেই যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুরে সিফাত আব্দুল্লাহ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত সিফাত গাছা শাখার ‘ইনকিলাব মঞ্চে'র সদস্য।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সোশ্যাল সাইটে একটি ভিডিও প্রকাশ করেন সিফাত। ওই ভিডিওতে তিনি প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি নজরে এলে তাকে আটক করা হয়। খবরটি ছড়িয়ে পড়লে, জাতীয় নাগরিক পার্টির যুবশক্তির আহ্বায়ক ও সিনিয়র মুখ্য সংগঠকের নেতৃত্বে থানায় অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় তারা সিফাতকে মুক্তি না দেয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ ঘটনায় পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও থানার সামনে মুখোমুখি অবস্থান নেন। এ সময় এনসিপি-বিএনপি নেতাদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতিও হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে থানায় নেওয়া হয়।
গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রাত ৯টার দিকে তাকে থানায় আনা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, মামলার পর অভিযোগের বিষয়ে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।