মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় মো. মিন্টু শেখ নামে এক বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে শহরের মতি সাহেবের ঘাটে সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন মিন্টু শেখ। বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে ওই স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মিন্টু শেখ সিরাজগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেলা বিএনপির দেওয়া শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, বিএনপির দায়িত্বশীল পদে থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ার কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
নোটিশ পাওয়ার পর আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, মিন্টু শেখের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি জেলা বিএনপির নেতাদের নজরে আসার পর তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি জানান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে মিন্টু শেখকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।