চট্টগ্রামে জাল টাকা তৈরির মেশিনসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোটসহ মো. মহিউদ্দিন প্রকাশ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মহিউদ্দিন চট্টগ্রাম জেলার ভূজপুর থানার ঘড়াভাঙ্গা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, গত ১৩ আগস্ট আফমী প্লাজার সামনে অভিযান চালিয়ে ডিবির বন্দর-পশ্চিম বিভাগের টিম মহিউদ্দিনের কাছ থেকে ৪০ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে। এর আগেও তার কাছ থেকে ৪০ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছিল।
এ ঘটনায় ১৪ আগস্ট পাঁচলাইশ মডেল থানায় মামলা করা হয়। পরে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তৈয়্যবীয়া হাউজিং সোসাইটির ভাড়াঘরের একটি কক্ষে জাল টাকা তৈরির মেশিন ও জাল নোট রয়েছে।
পরে ওই বাসায় অভিযান চালায় ডিবি। ওই বাসায় জাল টাকা তৈরির মেশিন, ১০০ টাকার ৪৩টি, ৫০০ টাকার ২৪টি এবং ১ হাজার টাকার দুটি জাল নোট উদ্ধার করা হয়। এসব জাল নোটের মোট মূল্য ১৮ হাজার ৩০০ টাকা। এ ছাড়া একটি কাঁচের গ্লাসও উদ্ধার করা হয়।