শেষ ঠিকানায় দেবাশীষ ও তার পরিবার, কুষ্টিয়ায় শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক
ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার শিশুপুত্র শর্ণশীষ দত্ত, স্ত্রী আফসানা শারমিন ও শ্বশুর আকরাম হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে কুষ্টিয়া শহরের মহাশ্মশানে সনাতন ধর্মের রীতি অনুযায়ী সৎকার শেষে দেবাশীষ দত্ত ও তার সাড়ে তিন বছরের শিশুপুত্র শর্ণশীষ দত্তকে সমাধিস্থ করা হয়।
অন্যদিকে, রাত আড়াইটার দিকে কুষ্টিয়া শহরের মডেল মসজিদে জানাজা শেষে রাত সাড়ে ৩টার দিকে শহরের পৌর কবরস্থানে দেবাশীষের স্ত্রী আফসানা শারমিন ও শ্বশুর আকরাম হোসেনকে দাফন করা হয়।
এর আগে শনিবার বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দরে লাশ গ্রহণ করেন কুষ্টিয়া থেকে যাওয়া সহকর্মী সাংবাদিকরা। রাত সাড়ে ১০টার দিকে দুটি অ্যাম্বুলেন্স শহরের আড়ুয়াপাড়ায় দেবাশীষের ভাড়া বাড়িতে পৌঁছায়। সেখানে ভিড় জমায় হাজারো মানুষ। বিশৃঙ্খলা এড়াতে অ্যাম্বুলেন্সগুলো নিকটস্থ তরুণ সংঘ ক্লাব চত্বরে রাখা হয়। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপন শেষে রাত সাড়ে ১২টার দিকে লাশ ফের বাড়ির সামনে আনা হয়। স্বজন ও সহকর্মীদের কান্নায় এ সময় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। কুষ্টিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
পরবর্তীতে স্ত্রী আফসানা শারমিন ও শ্বশুর আকরাম আলীর লাশ কুঠিপাড়া এলাকার মডেল মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে গোসল ও জানাজা শেষে তাদের দাফন করা হয়।