বগুড়ায় জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় জুলাই গণ হত্যা মামলায় এক আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রাশেদ আলী ওরফে খোকা মিয়া (৫৫) সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন আ.লীগের সভাপতি। তিনি উপজেলার দশটিকা সরকার পাড়া এলাকার মৃত আহমদ আলীর ছেলে।
সদর থানার ওসি মো. ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাশেদ আলী জুলাই বিপ্লব-সংক্রান্ত সদর থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর তাকে বগুড়া সদর থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।