নিজের মাথায় গুলি চালালেন সাবেক ব্যাংকার
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে নিজে গুলি করে শাহিদ হোসেন নামে এক সাবেক ব্যাংকার আত্মহত্যা করেছেন।
শনিবার (২২ আগস্ট) সকালে ড্রয়িংরুমে এ ঘটনা ঘটে। শাহিদ হোসেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা।
শাহিদের স্ত্রী শারমিন বলেন, আমার স্বামীর মানসিক সমস্যা ছিল। তবে তিনি পুরোপুরি অসুস্থ ছিলেন না।
তিনি আরও বলেন, পিস্তলটি কোথা থেকে এসেছে, পিস্তলটি তার ড্রয়ারে ছিল কিনা, নাকি বাইরে থেকে আনা হয়েছিল, তা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। তিনি আগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চাকরি করতেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি করা হলে পরে তিনি চাকরি ছেড়ে দেন।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, শনিবার সকালে ডবলমুরিং হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন শাহিদ হোসেন নামে এক ব্যক্তি।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দশটার দিকে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।