মদিনায় মানুষরতন সামাজিক সংঘের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়ন অনুষ্ঠান
মদিনায় মানুষরতন সামাজিক সংঘের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়ন অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি
সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় ‘মানুষরতন সামাজিক সংঘের ভিশন ২০৩০ বাস্তবায়ন’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। মানুষরতন সামাজিক সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন সাবেরীর প্রাণবন্ত উপস্থাপনায় এবং সংগঠনের প্রতিষ্ঠাতা নাজাত মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম. এ. হান্নান। প্রধান বক্তা ছিলেন মানুষরতন সামাজিক সংঘের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ছানাউল্লাহ আপন তাঁজ। বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আবদুল্লাহ মহসিন।
বক্তব্য দেন চ্যানেল আই ওয়ান-এর চেয়ারম্যান ও সংগঠনের সহ-সভাপতি ফুরকান আহমেদ রক্সি, সংগঠনের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব এবং সহ-সভাপতি ফকির আল-আমীনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মানুষরতন সামাজিক সংঘের ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্য, পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাবুল মিয়া। অনুষ্ঠানের শেষপর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সৌদি আরবের মাটিতে সফলভাবে এমন আয়োজন সম্পন্ন করায় আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি মাহমুদুল হক তৌহিদ।
অনুষ্ঠানে সামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং প্রবাসী সমাজের কল্যাণে মানুষরতন সামাজিক সংঘের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উন্নত জীবন নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান, মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়ানোই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে। আলোচনা ও নৈশভোজসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স