ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠিত

MD RAJIBUL HOSAIN TANIM
আপডেট সময় : ২০২৬-০৮-১৫ ২০:১৭:২৪
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠিত খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠিত
খুকৃবি প্রতিনিধি:
দক্ষতা, নৈতিকতা ও উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ কৃষিবিদ হওয়ার আহ্বান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার।

এ ছাড়া অনুষ্ঠানে খুকৃবির ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ মাহমুদুল হাসান, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিআই মোটরস, লাল তীর ও বায়ার ক্রপ সায়েন্সের প্রতিনিধিসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের কৃষিবিদরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন অনুষদের ‘ডিনস অ্যাওয়ার্ড’প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের সমন্বয়ে কৃষির উন্নয়ন ঘটিয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে হবে। তিনি শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের সময় নয়, বরং আত্মউন্নয়ন ও দক্ষতা বিকাশেরও সুযোগ। সময়ের সঠিক ব্যবহার করে জ্ঞান, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। সভাপতির বক্তব্যে খুকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “তোমাদের এমনভাবে নিজেদের গড়ে তুলতে হবে, যাতে তোমরা শুধু দক্ষ পেশাজীবী নয়, মানবিক, সৎ, দায়িত্বশীল ও উদ্ভাবনী কৃষিবিদ হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারো।”

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং কৃষির নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। কৃষির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নতুন প্রজন্মের কৃষিবিদদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। অনুষ্ঠানে কৃষি শিক্ষা, গবেষণা ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এসিআই মোটরস, লাল তীর এবং বায়ার ক্রপ সায়েন্সের প্রতিনিধিদের মধ্যে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জন, যৌথ গবেষণা পরিচালনা এবং প্রযুক্তি উদ্ভাবনের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন যাত্রা শুরু হয়। দেশের কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই ভবিষ্যৎ গঠনে নিজেদের ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ