জামালপুরে বিএনপি নেতার নামে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি
জামালপুরে বিএনপি নেতার নামে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি
মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্যাহ মাস্টার-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১০৭) দায়ের করেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জিডিতে মুহাম্মদ আব্দুল্যাহ মাস্টার উল্লেখ করেন, "সুবর্ণা আক্তার" নামের একটি ফেসবুক আইডিসহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে তাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। এসব অপপ্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, গত জুলাই মাসে অতিবর্ষণের কারণে মেষ্টা ইউনিয়নের চান্দের হাওড়া এলাকায় ঝিনাই নদীর তীরবর্তী একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি ভেঙে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জনদুর্ভোগ লাঘবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসকের নির্দেশনায় স্থানীয় স্বেচ্ছাসেবক ও শ্রমিকদের নিয়ে সাময়িকভাবে সড়কটি চলাচলের উপযোগী করা হয়। জিডিতে আরও উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই ওই স্থানে ইটের সলিং না থাকায় দুটি ড্রাম ট্রাক আটকা পড়ে। যোগাযোগ সচল রাখতে হাজীপুর বাজারের শৌচাগার নির্মাণের জন্য সংরক্ষিত ইট-বালু সাময়িক ব্যবহারের বিষয়ে ইউনিয়ন প্রশাসকের প্রাথমিক সম্মতি নেওয়া হয়েছিল। তবে ইউনিয়ন সচিবের আপত্তির পরপরই সেই সিদ্ধান্ত বাতিল করা হয় এবং ইটভাটা থেকে নতুন ইট এনে সলিংয়ের কাজ সম্পন্ন করা হয়। পুরো কার্যক্রম স্থানীয় প্রশাসনকে অবহিত রেখেই জনস্বার্থে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জিডিতে দাবি করা হয়েছে। জিডিতে আরও বলা হয়, জনস্বার্থে নেওয়া এ উদ্যোগকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক প্রতিহিংসাবশত সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে মেষ্টা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকায় মুহাম্মদ আব্দুল্যাহ মাস্টারকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালানো হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মুহাম্মদ আব্দুল্যাহ মাস্টার সাংবাদিকদের বলেন, "আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমার বিরুদ্ধে চালানো মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাই।" এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, "এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।" মাসুদুর রহমান
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স