নদী-খাল-বিলে অবৈধ রিংজাল বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান
নদী-খাল-বিলে অবৈধ রিংজাল বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
দেশীয় মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য ও নদী-খাল-বিলের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ রিংজালের ক্রয়-বিক্রয় ও ব্যবহার বন্ধে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য অধিদপ্তর।
সোমবার (২০ জুলাই) বিকেলে জেলা শহরের জগত বাজার ও নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় ব্যবসায়ীদের নিষিদ্ধ রিংজাল বিক্রি ও মজুত থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাছের প্রজনন মৌসুমে অবৈধ জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।
অভিযানে উপস্থিত থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম বলেন, “রিংজাল শুধু ছোট মাছই নয়, মাছের ডিম ও পোনাও ধ্বংস করে। এর ফলে নদী-খাল-বিলের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের জলজ সম্পদ সংরক্ষণ করতে হলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও অবৈধ জালের ব্যবহার বন্ধে সচেতন ও সম্পৃক্ত হতে হবে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, সংগঠনটির সদস্য খায়রুজ্জামান ইমরান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, কমরেড নজরুল ইসলাম, জেলা পরিষদ ও জেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, অবৈধ জালের ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন বাস্তবায়নে জেলা মৎস্য অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। তিনি জানান, নদী ও উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছেৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স