ধোঁকামুক্ত ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য : সেলিম উদ্দিন
ধোঁকামুক্ত ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য : সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
ধোঁকামুক্ত ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য : সেলিম উদ্দিন যে নেতৃত্ব মানুষকে ধোঁকা দেবে না, যার কথা ও কাজে মিল থাকবে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমন মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, উন্নত বিশ্বের আধুনিক নগরগুলোর আদলে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে জামায়াত কাজ করছে। রাজধানীর ভাটারা বাঁশতলায় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে কোনো যুবক বেকার থাকবে না, মাদকের দিকে ঝুঁকবে না এবং প্রতিটি নাগরিক প্রয়োজনীয় সেবা সহজে পাবে। সেলিম উদ্দিন জানান, যে ঢাকা একসময় স্বপ্নের নগরী ছিল, সেটি আজ অনেক ক্ষেত্রে ময়লার স্তূপে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকারি চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল এবং দুর্নীতিগ্রস্ত। অন্যদিকে বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে চলে যাওয়ায় অনেকেই মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যুবসমাজকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে চাঁদাবাজির কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, বাজার, ঘাট ও সড়কে চাঁদাবাজির প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়ে, যা সুশাসনের ঘাটতিরই প্রতিফলন। তিনি আরও বলেন, গ্যাস সংকটের কারণে অনেক শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যা কর্মসংস্থান ও অর্থনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে। রাজধানীতে বিশুদ্ধ পানির সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়ে সেলিম উদ্দিন আরও বলেন, এই জনপদের দায়িত্ব যদি পাঁচ বছরের জন্য দেওয়া হয়, তাহলে একটি মানবিক, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব সিটি কর্পোরেশন গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নই হবে তাদের মূল লক্ষ্য। এ প্রসঙ্গে তিনি জানান, নির্বাচিত হওয়ার আগেই নাগরিকদের সেবা নিশ্চিত করতে তার উদ্যোগে 'নাগরিক সেবা ডট নেট' নামে একটি অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন ধরনের নাগরিকসেবা প্রদান করা হচ্ছে।
থানা আমীর এডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, কর্মপরিষদ সদস্য হেদায়েত উল্লাহ, বাড্ডা থানা আমীর কুতুব উদ্দিন প্রমুখ। বার্তা প্রেরক- মো.আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স