বাধ্যতামূলক ‘ইসলামিক স্টাডিজ’ কোর্স পুনর্বিবেচনার দাবিতে পূজা উদযাপন পরিষদের স্মারকলিপি
বাধ্যতামূলক ‘ইসলামিক স্টাডিজ’ কোর্স পুনর্বিবেচনার দাবিতে পূজা উদযাপন পরিষদের স্মারকলিপি
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মুসলিম সহ অন্যান্য সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য ‘ইসলামিক স্টাডিজ’ কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে পূজা উদযাপন পরিষদ। সোমবার (২২ জুন) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বরাবর স্মারকলিপি জমা দেন পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা।
বিবৃতিতে বলা হয়, একাডেমিক কাউন্সিলের ১৩১তম সিন্ডিকেটের ২৭১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ‘ইসলামিক স্টাডিজ’ কোর্স সকলের জন্য আবশ্যিক ক্রেডিট কোর্স হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আমরা মনে করি, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সকল ধর্ম, বর্ণ ও সংস্কৃতির শিক্ষার্থীদের জন্য সমান মর্যাদা, অধিকার ও সুযোগ নিশ্চিত করার একটি প্রতিষ্ঠান। এ প্রেক্ষাপটে কোনো নির্দিষ্ট ধর্মভিত্তিক কোর্স অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হলে তা ধর্মীয় বৈচিত্র্য, পারস্পরিক সহনশীলতা ও সাংবিধানিক সমতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি, প্রত্যেক শিক্ষার্থীর নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও পরিচয়ের প্রতি সম্মান প্রদর্শন করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই কোনো একক ধর্মীয় কোর্স সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করার পরিবর্তে শিক্ষার্থীদের নিজ নিজ ধর্মীয় শিক্ষা অথবা সমমানের বিকল্প কোর্স গ্রহণের সুযোগ প্রদান অধিকতর ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য হবে।
বিবৃতিতে তিনটি দাবি উল্লেখ করা হয়। দাবিগুলো হলো অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য ‘ইসলামিক স্টাডিজ’ কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে; সকল শিক্ষার্থীর জন্য নিজ নিজ ধর্মীয় শিক্ষা অথবা সমমানের বিকল্প কোর্স গ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে; ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত গ্রহণ এবং ধর্মীয় বৈচিত্র্য ও সাংবিধানিক সমতার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গত ২৪ সেপ্টেম্বর ২০২৫-এর ১৩১ তম সভায় গৃহীত সিদ্ধান্তের পর ৩০ অক্টোবর ২০২৫-এর ২৭১তম সিন্ডিকেট সভায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ‘বাংলাদেশ স্টাডিজ’ ও ‘ইসলামিক স্টাডিজ’ কোর্স দুটিকে বাধ্যতামূলক ক্রেডিট কোর্স করা হয়।
এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত নন-ক্রেডিট কোর্স হিসেবে যেকোনো একটি কোর্স করতে হতো শিক্ষার্থীদের।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স