পূর্বধলায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, যুবকের কারাদণ্ড
পূর্বধলায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, যুবকের কারাদণ্ড
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার পূর্বধলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে ইমরান হোসেন রিফাত (১৯) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হিরনপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ইমরান হোসেন রিফাত উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ইয়ারন গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, হিরনপুর এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী টিফিন বিরতির সময় সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের সামনে একটি দোকানে যায়। এ সময় ইমরান হোসেন রিফাত তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। ঘটনাটি দেখে স্থানীয় দোকানদার ও আশপাশের লোকজন রিফাতকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেন।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত যুবককে থানায় এনে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স