থ্রি-হুইলার যানের বিরুদ্ধে অভিযানে পুলিশের ওপর হামলা, টহল গাড়ি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ তিন চাকার যান (থ্রি-হুইলার) আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও তাদের একটি টহল গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মহাসড়কে নিষিদ্ধ থ্রি হুইলার বা তিন চাকার যানের বিরুদ্ধে পুলিশ অভিযানে নামে। মঙ্গলবার দুপুরে নিমসার এলাকায় একটি থ্রি হুইলারকে আটক করে মামলা দেয় ময়নামতি হাইওয়ে পুলিশের একটি দল। পরে থ্রি হুইলারের চালকরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে হাইওয়ে পুলিশের ব্যবহৃত একটি ভ্যান ভাঙচুর করে। এসময় পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
এদিকে এ ঘটনার পর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রাম লেনে ৩-৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ওসি আব্দুল মমিন ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে। বর্তমান পরিস্থিতি পুলিশের অনুকূলে রয়েছে বলে জানিয়েছেন তিনি।