নেত্রকোনায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৫
নেত্রকোনায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৫
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার মা-মেয়েসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চল্লিশা বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার আমলি কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তাঁর মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং এক শিশু।
আহতদের মধ্যে নূর জাহানের স্বামী আইনুল হক রয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী মহুয়া পরিবহনের একটি বাস চল্লিশা বাইপাস মোড়ে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারি ঘটনাস্থলে যান। তিনি সেখানে স্পিডব্রেকার ও গোলচত্বর নির্মাণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম দুর্ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স