নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বিএনপি দখল হয়ে গেছে। বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে।
রোববার (১৭ মে) রাত পৌঁনে ৮টায় কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিএনপি যে আদর্শিক রাজনীতি করত, লড়াই সংগ্রামের রাজনীতি করত, এখন যাদের দ্বারা বিএনপি নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে এতে তাদের দলের নেতারাই আমাদেরকে বলে এ বিএনপি আমরা চিনি না।’
তিনি বলেন- আমরা দেখলাম দুদক, মানবাধিকার কমিশন, বিচার ব্যবস্থা, ব্যাংকগুলোকে পর্যন্ত দখল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে কীভাবে মাফিয়া কায়দায় দখল করা হয়েছে সেটাও দেখলাম। বিসিবিকে দখল করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো দখল করা হয়েছে। মানুষের তো চক্ষু লজ্জা থাকে, কিন্তু তাদের কোনো চক্ষু লজ্জা নাই। এ কারণে বলছি ‘বিএনপি ইজ রিজেক্ট’।
এনসিপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপির নেতাকর্মীরা আমদেরকে বলে- যে বিএনপির জন্য রাজপথে লড়াই করেছি, যুদ্ধ করেছি, জেল-জুলুম খেটেছি, বাাড়িতে থাকতে পারি নাই, পরিবারের সঙ্গে খাবার খেতে পারি নাই, বাপ-মার জানাজায় অংশ নিতে পারি নাই; আমরা যে বিএনপির জন্য এই ত্যাগ করেছি, আজকের বিএনপি সেই বিএনপি নয়।
তিনি বলেন- আমরা এমন বাংলাদেশ দেখতে চাই, যে তার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে। এতদিন এমনটা হতো যে, প্রধানমন্ত্রী হবে একটি নির্দিষ্ট পরিবার থেকে। এর বাইরে যদি হন তাহলে আপনি আর এই স্বপ্ন দেখতে পারবেন না। আমরা বলছি না কেউ স্বৈরাচার হয়ে গেছে, তবে কেউ যেন স্বৈরাচার হতে না পারে সেদিকে সজাগ থাকব।
দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিস্টেম পরিবর্তন চেয়ে হাসনাত বলেন- আমরা পরিবর্তন চেয়েছিলাম, এখন যদি আগের সব কিছু ঠিক থাকে তাহলে পরিবর্তন আর হলো কোথায়? সিস্টেম পরিবর্তন করতে হবে। সেবা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কার করতে হবে। সরকারি সুবিধা সবার জন্য সমান হতে হবে।