ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবার জাবির প্রশাসনিক ভবনে তালা একদল শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ১৩:২৪:১২
এবার জাবির প্রশাসনিক ভবনে তালা একদল শিক্ষার্থীর এবার জাবির প্রশাসনিক ভবনে তালা একদল শিক্ষার্থীর
নিজস্ব প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত এখন পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে প্রক্টর কার্যালয়ের পর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রশাসনিক ভবনেও তালা দিয়েছেন আন্দোলনরত একদল শিক্ষার্থীরা।

রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেন তারা।

শিক্ষার্থীরা বলছেন, ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার প্রমাণ।

আন্দোলনে আসা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আদৃতা রায় বলেন, ১০০ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু পলাতক আসামিকে গ্রেপ্তারের কোনো খবর নেই। প্রশাসন তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে কি না, সেটিও প্রশ্নের বিষয়।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা। এ দাবিতে চাপ সৃষ্টি করতেই প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে।

অবরোধকালে আন্দোলনকারী নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা মুন বলেন, আমাদের যে ছয় দফা দাবি ছিল এর মধ্যে প্রথম দফা দাবি ছিল ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষককে ধরতে হবে।

যদি উনারা ধরতে ব্যর্থ হন, তবে পুরো প্রক্টোরিয়াল বডি পদত্যাগ করবে। কারণ উনি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক যতগুলো ইনসিডেন্ট হয়ে গেছে সেই দায়ভারটা কার? আমাদের রেজিস্ট্রারে তালা দেওয়া থাকবে।

আমাদেরকে নিশ্চিত করে যাবে যে আর কত ঘণ্টা সময় লাগবে ধর্ষককে ধরতে। প্রশাসন যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে এটা নিশ্চিত করে দিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকব।

গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে নিয়ে পাশের জঙ্গলে ধর্ষণচেষ্টা করা হয়।

এ ঘটনায় বুধবার অজ্ঞাতদের আসামি করে আশুলিয়া থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য সেদিনই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেঁধে (আল্টিমেটাম) দিয়েছিলেন শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ