মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক, চুরি ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়েছেন স্থানীয় গ্রামবাসী। “অপরাধকে প্রতিরোধ করি, শান্তির সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে উপজেলার সদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেলে মহালক্ষীপাড়া শরিফ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে স্থানীয়রা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণ সমাজকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, এলাকায় কোনো ধরনের মাদক কেনাবেচা বা সেবন চলতে দেওয়া হবে না। পাশাপাশি চুরি ও ছিনতাই প্রতিরোধে পাড়া-মহল্লায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন স্থানীয়রা।
ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক ঠিকাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন কবির সরকার।
এসময় বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ রেজাউল করিম, সমাজসেবক শাহজাহান সরকার, সদর ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা এসআই আল আমীন, বিল্লাল হোসেন মাস্টার, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আক্তার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ডা. সোহেল রানা, হাসান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল ইসলাম সুবেদার, হাজী আবু তাহের, ফরিদ আহমেদ, হারুন মিয়া সর্দার ও আবদুল মতিন সর্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। যুবদল নেতা শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মহসিন কবির সরকার বলেন, এলাকায় মাদক ও ইভটিজিং আমাদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্রামবাসীর এই ঐক্যবদ্ধ উদ্যোগ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাবেশ শেষে উপস্থিত সবাই নিজ নিজ এলাকাকে অপরাধমুক্ত রাখার শপথ গ্রহণ করেন।