নিজস্ব প্রতিবেদক
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের আনা খসড়া প্রস্তাবের সহ-পৃষ্ঠপোষকতা (কো-স্পন্সর) করলে সংশ্লিষ্ট দেশগুলোকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন।
ইরান জানিয়েছে, ওয়াশিংটন যদি নতুন কোনো সামরিক উত্তেজনা তৈরি করে, তবে এর ফলে সৃষ্ট ফলাফলের ‘আন্তর্জাতিক দায়’ ওই সমর্থনকারী দেশগুলোকেও ভাগ করে নিতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ইরান অভিযোগ করেছে, নিজেদের বেআইনি কর্মকাণ্ড এবং সামরিক দুঃসাহসিকতার পক্ষে একটি ‘ভুয়া আন্তর্জাতিক সমর্থনের চিত্র’ দাঁড় করাতেই যুক্তরাষ্ট্র সহ-পৃষ্ঠপোষক দেশের এই তালিকা ব্যবহার করছে।
বিবৃতিতে ইরান স্পষ্ট করে বলেছে, ‘কোনো রাজনৈতিক অজুহাত বা কূটনৈতিক ঢালই তাদের (সমর্থনকারী দেশগুলোকে) এই দায় থেকে মুক্ত করতে পারবে না।’
যুক্তরাষ্ট্র, বাহরাইন এবং উপসাগরীয় অঞ্চলের অন্য কয়েকটি দেশের সমর্থনে তৈরি এই খসড়া প্রস্তাবে হরমুজ প্রণালিতে ইরানের হামলা বন্ধ করা এবং উপসাগরীয় সমুদ্রসীমায় মুক্ত নৌচলাচল ব্যবস্থা পুনর্বহাল করার আহ্বান জানানো হয়েছে।