হিজলায় ৩ নং গুয়াবাড়িয়া ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার
বরিশাল জেলার হিজলা উপজেলার ৩ নং গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বইছে আগাম নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হিজলা উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল।
তিনি এই ইউনিয়নের সাবেক জনপ্রিয় ব্যক্তিত্ব, মরহুম আব্দুল মান্নান খানের সুযোগ্য সন্তান। বাবার আদর্শকে বুকে ধারণ করে এবং এলাকাবাসীর সেবা করার লক্ষ্য নিয়ে তিনি ইতোমধ্যে গণসংযোগ শুরু করেছেন।
আসাদুজ্জামান খান সজলের পিতা মরহুম আব্দুল মান্নান খান এলাকায় একজন সদালাপী ও জনহিতৈষী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। বাবার সেই উত্তরসূরি হিসেবে সজল দীর্ঘদিন ধরে ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারুণ্যের শক্তি এবং পারিবারিক পরিচিতিকে কাজে লাগিয়ে তিনি গুয়াবাড়িয়া ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।
বর্তমানে হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পালন করা আসাদুজ্জামান খান সজল তৃণমূল রাজনীতিতে বেশ সক্রিয়। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের বিপদে-আপদে তাকে সব সময় পাশে পাওয়া যায়। তার সমর্থকদের দাবি, সজল চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার মাদক নির্মূল, রাস্তাঘাটের উন্নয়ন এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ফিরে আসবে।
নিজের প্রার্থিতা নিয়ে আসাদুজ্জামান খান সজল বলেন, আমার বাবা সারা জীবন মানুষের সেবা করে গেছেন। আমি তার আদর্শ অনুসরণ করেই জনগণের কল্যাণে কাজ করতে চাই। ৩ নং গুয়াবাড়িয়া ইউনিয়নের মানুষ বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। আমি নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, স্বনির্ভর এবং উন্নত জনপদ হিসেবে গড়ে তুলবো। ইনশাআল্লাহ, দল এবং জনগণ আমার পাশে থাকবে।
ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তরুণ ভোটারদের মধ্যে সজলকে নিয়ে ব্যাপক উৎসাহ কাজ করছে। সাধারণ ভোটারদের মতে, একজন শিক্ষিত ও সাহসী নেতৃত্বের প্রয়োজন এখন সময়ের দাবি। আসাদুজ্জামান খান সজলের আগমনে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।,